হরমুজ প্রণালী থেকে একটি ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে ইরান।
ইরান বলছে, হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূলঘেঁষা করিডর ব্যবহার করতে চাওয়া ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।
প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে ওমানের করিডোর থেকে একটি ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
গত ২৪ জুন ওমান এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উপসাগরে আটকে পড়া জাহাজ সরিয়ে নেওয়ার জন্য ওমানের উপকূলঘেঁষা একটি অস্থায়ী নৌপথ চালুর ঘোষণা দেয়। ইরানের দাবি অনুযায়ী, ওই করিডরের তদারকির দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে ছিল।
ফার্সের খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রেডিও বার্তার মাধ্যমে ওমানের করিডর ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোকে সতর্ক করছে এবং তাদের ইরান নির্ধারিত করিডর ব্যবহার করার নির্দেশ দিচ্ছে।
সংস্থাটি আরও দাবি করেছে, জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করা সব জাহাজই ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে ভারত, ওমান বা আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।










