জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ ব্যবহার করে তুরস্ক ও প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’ তোলা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য জাতিসংঘের প্রতিনিধিত্ব করা ‘শান্তি, আইন ও সংলাপের আদর্শের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানুদ্দীন দুরান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে দুরান গাজ্জা উপত্যকায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করেন। একই সঙ্গে এরদোগানকে লক্ষ্য করে নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করেন তিনি।
দুরান বলেন, এরদোগানের বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্য ‘তাঁর গণহত্যা, গাজ্জার মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান বিচারিক কার্যক্রমকে আড়াল করতে পারবে না।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিস্থিতি দেখতে পাচ্ছে এবং নেতানিয়াহু আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’
দুরান আরও বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে তুরস্ক আমাদের ফিলিস্তিনি ভাই-বোনসহ নিপীড়িতদের অধিকার, আরও ন্যায়সংগত বিশ্ব এবং শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে।’
সূত্র : আনাদোলু এজেন্সি











