আমেরিকার নতুন করে ইরানে সামরিক হামলা চালানোর পর বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৮ দশমিক ৮০ ডলারে।
একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ডব্লিউটিআই, ক্রুডের দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ২৬ ডলারে পৌঁছায়।
এর আগে বুধবার বাজার বন্ধ হওয়ার পর আমেরিকার সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা শুরু করলে ব্রেন্ট ও ডব্লিউটিআই, উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম এক ডলারেরও বেশি বেড়ে যায়।
এর আগে দিনের লেনদেন শেষে উভয় সূচকই দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বন্ধ হয়। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে আমেরিকার পুঁজিবাজারেও। দরপতন হয়েছে আমেরিকার সরকারি বন্ড, ট্রেজারি ফিউচার্সের সূচকেও।










