ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। বর্তমান দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রহ্লাদ জোশী বর্তমানে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয় এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
সাম্প্রতিক সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ধর্মেন্দ্র প্রধান। বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করে।
প্রশ্নফাঁসের ঘটনায় পুনঃপরীক্ষার ঘোষণা দেওয়ার পর এক ডজনের বেশি শিক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে আসে। এতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
নিজের পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে কোনো ‘দেশবিরোধী শক্তি’ যেন কাজে লাগাতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়, এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন আন্দোলনের পরিবর্তে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোযোগ দিতে পারে, সেটিই তার প্রত্যাশা।
সূত্র: এনডিটিভি










