নতুন বছর শুরু হতে এখনো প্রায় পাঁচ মাস বাকি। তবে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের নজর ২০২৭ সালের ক্যালেন্ডারে। আগামী পবিত্র রমজান কবে শুরু হতে পারে এবং পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২০২৭ সালের প্রথম এক-তৃতীয়াংশের মধ্যে পড়বে। আগামী বছর পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। ক্যালেন্ডার অনুযায়ী দিনটি সোমবার।
প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের পবিত্র রমজানের নতুন চাঁদ শনিবার দেখা যেতে পারে। দিনটি ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়।
এর ফলে হিজরি বর্ষের অষ্টম মাস শাবান ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হবে। সে হিসাবে পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসাবে রমজান শেষ হতে পারে ২০২৭ সালের ৮ মার্চ সোমবার।
ফলে পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে।
সূত্র: জর্ডান নিউজ










