spot_img
spot_img

মাদরাসায় ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করতে হবে: ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, ফাজিল ও কামিল মাদরাসায় একটি করে ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করা যেতে পারে। এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, উচ্চ স্বপ্ন দেখবে, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, এই সেল শিক্ষার্থীদের জানাবে যোগ্য আলেম হিসেবে গড়ে ওঠার প্রেরণা, বিসিএস, সরকারি চাকরি, ইসলামিক ব্যাংকিং, গবেষণা, বিদেশে উচ্চশিক্ষা, মধ্যপ্রাচ্যের পেশাগত সুযোগ ও উদ্যোক্তা হওয়ার পথ। মাদরাসা উচ্চশিক্ষা কর্মমুখী ও গবেষণাভিত্তিক করার প্রচেষ্টা হিসেবে প্রতিটি মাদরাসায় ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা, শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী, ময়মনসিংহ ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইদ্রিস খান, জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ