spot_img

৭০০ টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর টানেল ধ্বংসের দাবি ইসরাইলের

দক্ষিণ লেবাননের বিউফোর্ট এলাকায় হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেল ধ্বংস করতে প্রায় ৭০০ টন বিস্ফোরক ব্যবহার করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শুক্রবার (৩১ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তারা দাবি করেন, ওই ভূগর্ভস্থ অবকাঠামো উত্তর ইসরাইলের সীমান্তবর্তী জনপদগুলোতে হামলার জন্য হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ ছিল।

তারা আরও দাবি করেন, এক দিন আগে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে বলে ইসরাইলের অভিযোগের পর এই হামলা চালানো হয়। তবে ঠিক কী ধরনের লঙ্ঘন হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরাইল।

নেতানিয়াহু ও কাটজ বলেন, “ইসরাইল রাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির কোনো লঙ্ঘন মেনে নেবে না।”

ইসরাইলি সেনা বা বেসামরিক নাগরিকদের ক্ষতি করার যেকোনো প্রচেষ্টার জবাবে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন তারা।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের কথিত নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনারা অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে হিজবুল্লাহ যেন পুনরায় সামরিক সক্ষমতা গড়ে তুলতে না পারে, সে জন্য সম্ভাব্য সব অবকাঠামো ধ্বংসে হামলা চালিয়ে যাবে ইসরাইলি বাহিনী।

তবে ইসরাইলের এসব দাবি ও হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ