সিলেটের শাওলসার মাজারে গানের প্রোগ্রাম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলি ভৈরবী (১৬) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পেহেলি ভৈরবীসহ ৯ জন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পেহেলি ভৈরবীর বাবা মো.বাবুল মিয়া(৫০) গুরুতর আহত হয়ে সিলেটের ওসমানীনগরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ আগস্ট সকালে সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৮৭)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশে নিচু ধানক্ষেতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের সাতজন যাত্রী মারা যান। পর চিকিৎসাধীন অবস্থায় আরো দুইসহ ৯ জনের মৃত্যু হয়।
নিহত পেহেলি ভৈরবীর মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে পেহেলি গতকাল তার বাবাকে সাথে নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার শাওলসার মাজারে প্রোগ্রামে যায়। প্রোগ্রাম শেষে সকালে ভৈরবে ফেরার পথে কাশিকাপন এলাকায় দুই বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পেহেলি মারা যায় ও আমার স্বামী চোখে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।










