spot_img

অনলাইনে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সব কার্যক্রম

দাপ্তরিক ও পরীক্ষা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)। এখন থেকে মাদরাসার নিবন্ধন থেকে শুরু করে সকল ফি প্রদান ও আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ও পরিকল্পনা কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে পরীক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন), নিবন্ধন ফি প্রদান, মাদরাসা ইলহাক (ভুক্তি), মারহালা (স্তর) পরিবর্তন, মাদরাসার তথ্য সংশোধন, মারকাজ (কেন্দ্র) নির্বাচন ও পরিবর্তন এবং যাবতীয় ফি প্রদানের কাজ অনলাইনের আওতায় আসবে। আগামী ৫০তম কেন্দ্রীয় পরীক্ষাকে সামনে রেখে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

আগামী ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি থেকে অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থী নিবন্ধন শুরু হবে। সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে বেফাকের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই কাজ সম্পন্ন করতে হবে। এ ছাড়া বোর্ড সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইন কার্যক্রমের নিরাপত্তার জন্য মাদরাসার মোবাইল নম্বর সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি কার্যক্রমের সময় ভেরিফিকেশনের জন্য মাদরাসার ইলহাকের সময় দেওয়া নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে। কোনো মাদরাসা তাদের নম্বর পরিবর্তন করতে চাইলে মুহতামিমের সিল ও স্বাক্ষরসহ সরাসরি বেফাক কার্যালয়ে আবেদন করতে হবে অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৮৫৮৭৭৪৪১৬, ০১৮৫৮৯২৮৭৯৯) যোগাযোগ করে হালনাগাদ করতে হবে।

অনলাইন কার্যক্রমগুলো সুচারুভাবে পরিচালনার জন্য প্রতিটি মাদরাসায় একজন দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিকে ‘মাদরাসা অ্যাডমিন’ হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে মারকাজ অ্যাডমিনরা তাদের আওতাধীন মাদরাসাগুলোর অনলাইন কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

বেফাক কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে কওমি মাদরাসাগুলোর দাপ্তরিক কাজে গতিশীলতা বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ