spot_img

ক্ষমতায় টিকে থাকতে দিল্লিকে সবকিছু উজাড় করে দিয়েছিলেন শেখ হাসিনা: রিজভী

শেখ হাসিনা ক্ষমতার মসনদে টিকে থাকতে দিল্লির কাছে সবকিছু উজাড় করে দিয়ে দেশের সার্বভৌমত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শুধু ক্ষমতার মসনদে টিকে থাকতে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ দিল্লির কাছে সবকিছু উজাড় করে দেশের সার্বভৌমত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সবাইকে উপেক্ষা ও তোয়াক্কা না করে শুধু ক্ষমতায় টিকে থাকতেই শেখ হাসিনা এত রক্ত ঝরিয়েছেন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, রিমান্ড, গুম ও খুনের মতো এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেননি। পৃথিবীর অন্য কোনো শাসকের সঙ্গে এই ফ্যাসিস্টের তুলনা চলে না। হিটলারসহ বিশ্বের অন্যান্য অন্যায়কারীদের মধ্যেও অন্তত দেশপ্রেম ছিল। তারা নিজেদের দেশকে সেরাদের তালিকায় নিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করতেও কুণ্ঠাবোধ করেননি। এই কারণেই জনগণের ওপর চালানো হয়েছে চরম অত্যাচার, ঝরানো হয়েছে রক্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ফেরারি পাখিরা কখনো ফিরে আসে না, শেখ হাসিনাও আর ফিরতে পারবেন না। তবে তাকে যদি জোর করে বের করে দেওয়া হতো, তাহলে হয়তো তিনি ফিরতে পারতেন।

লেনিন ও ইমাম খোমেনির উদাহরণ টেনে রিজভী বলেন, তারা দেশে ফিরতে পেরেছিলেন, কারণ তারা দেশের অর্থ পাচার করেননি, ব্যাংকের টাকা লুট করেননি কিংবা প্লট নেননি।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ঐক্যের অভাব থাকলে ফ্যাসিবাদ অন্য কোনো রূপে আবারও মাথাচাড়া দিতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ