spot_img
spot_img

গণভোটের রায় বাস্তবায়নে চার লংমার্চ, প্রস্তুতি বৈঠক জামায়াতের

গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত চারটি লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করেছে দলটি।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ বাস্তবায়ন কমিটির’ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে জানানো হয়, ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখী লংমার্চ সড়কপথে এবং সিলেট অভিমুখী লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চারটি লংমার্চ শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।

বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ