আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জামে সজ্জিত করতে ইমারাতে ইসলামিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) কাবুলে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা পুনরুদ্ধারের ১০৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশটির স্বাধীনতা পুনরুদ্ধারের ১০৭তম বার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফগানদের বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার এবং বিরোধীদের প্রচারণার শিকার না হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা ইয়াকুব বলেন, কিছু পক্ষ আফগানিস্তানকে অন্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে আফগানিস্তানে একটি দায়িত্বশীল সরকার রয়েছে, যা শুধু নিজের ভূখণ্ড রক্ষায় কাজ করছে না, বরং আফগান ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে যেন কোনো হুমকি সৃষ্টি না হয়, সেটিও নিশ্চিত করছে।
তিনি বলেন, আফগানরা কারও কাছে মাথা নত করবে, এমন আশা করা উচিত নয়।একইভাবে, নিজেদের ইচ্ছা ও নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানের ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়া কিংবা দেশটির নীতি, অর্থনীতি ও সামরিক উন্নয়ন নিজেদের মতো করে পরিচালনার চেষ্টা করাও উচিত নয়।
তিনি আরও বলেন, আফগানিস্তানের কোনো রাষ্ট্রের ওপর হামলা চালানোর ইচ্ছা নেই এবং অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করে না। কারণ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ইমারাতে ইসলামিয়ার নীতির অংশ নয়।
একই সঙ্গে মাওলানা ইয়াকুব মুজাহিদ জোর দিয়ে বলেন, নিজস্ব নীতি, দেশ, দ্বীন ও আকিদা রক্ষা করার অধিকার আফগানিস্তানের রয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও










