ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আফগানদের জিহাদের কথা উল্লেখ করে ইমারাতে ইসলমিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বলেছেন, সে সময় আফগান মুজাহিদদের হাতে সামরিক সরঞ্জাম ছিল সীমিত। কিন্তু ঈমান ও আকিদার শক্তিতে উদ্বুদ্ধ হয়ে তারা ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতার ১০৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোল্লা বারাদার বলেন, “আজ আমাদের জাতি কারও বন্দি নয়, অন্যরাও আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য নির্ধারণ করে না। আমাদের সম্পদ ও সম্মানের দিকে কেউ কুদৃষ্টি দেয় না, আবার অন্যের নির্দেশেও আমরা সিদ্ধান্ত নিই না। আলহামদুলিল্লাহ, স্বাধীনতার কল্যাণেই আমাদের এই মহান ও মৌলিক মূল্যবোধগুলো পুরোপুরি সংরক্ষিত রয়েছে।”
বিরোধীদের ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়ে আফগান জনগণকে শান্তিপূর্ণ জীবনযাপন করতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের ব্যর্থ চেষ্টা ছেড়ে দাও। আফগানদের নিরাপত্তা, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করতে দাও।’










