ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার আশপাশ মাদক সেবন ও কেনাবেচার হাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের আপামর মানুষের আস্থার জায়গা। সারা দেশ থেকে মানুষ উন্নত চিকিৎসার জন্য এখানে ছুটে আসে। অথচ এখানকার সিস্টেম ও পরিবেশ দুটিই অনুন্নত। মাঝে মাঝে মনে হয় ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোদের জোন।
সোমবার (২৪ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরীয়াতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী মাদক ও নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করছেন। অথচ রাজধানীর হৃদপিণ্ডে মাদক কারবারিদের আস্থার জায়গা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না? মাদক, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্যের সেবন ও কেনাবেচার হাব হচ্ছে ঢাকা মেডিকেল এলাকা। আমরা এগুলো নিয়ে আগেও বলেছি, এখনো বলছি। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগ থানার সভাপতি আবদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন ও থানা সেক্রেটারি হাজী কামরুল ইসলাম প্রমুখ।










