spot_img
spot_img

শত বছর পর আমেরিকার মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

আমেরিকার নতুন ১ ডলারের স্মারক কয়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বছর পর প্রথমবার কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় জায়গা পেল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনে ট্রাম্পের প্রতিকৃতি দিয়ে স্মারক ১ ডলারের কয়েনটি বাজারে ছেড়েছে দেশটির টাকশাল। কয়েনে ট্রাম্পের ছবির পাশে লেখা রয়েছে, ‘ইন গড উই ট্রাস্ট’।

আমেরিকার টাকশাল জানিয়েছে, বিশেষ সংস্করণের এই কয়েনে ঐতিহাসিক এই বার্ষিকী সামনে রেখে একটি জাতির চেতনা, গর্ব ও ঐতিহ্য’ তুলে ধরা হয়েছে।

২৫টি কয়েনের একটি রোলের দাম রাখা হয়েছে ৬১ ডলার বা ৪৫ পাউন্ড। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার টাকশালের ওয়েবসাইটে কয়েনগুলো ‘বর্তমানে মজুত নেই’ বলে দেখানো হয়।

আমেরিকার টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউস বিবিসিকে জানায়, দেশের এই ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপনের জন্য কয়েনটি তৈরি করা হয়েছে। তাদের মতে, এক প্রজন্মে একবার আসা এই বার্ষিকীর নকশাটি আধুনিক মুদ্রা সংগ্রহে বিশেষ সংযোজন হয়ে উঠবে।

আমেরিকায় জীবিত ব্যক্তির প্রতিকৃতি দিয়ে কাগুজে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা রয়েছে। তবে কংগ্রেসে ট্রাম্পের মিত্ররা তাকে ব্যতিক্রম হিসেবে রাখার জন্য একটি আইন প্রস্তাব করেছেন। প্রস্তাবটি বর্তমানে আটকে আছে।

১৯২৬ সালে আমেরিকার স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি হাফ-ডলারের কয়েনে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ছিল। জীবিত অবস্থায় কোনো আমেরিকান প্রেসিডেন্টের ছবি কয়েনে স্থান পাওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ