spot_img
spot_img

নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে বহু শ্রমিক আটকা রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে অল্প সময়ের ব্যবধানে ওই দুই শ্রমিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই শ্রমিকের নাম সঞ্জয় শাহ ও কবির মহারাজন। তারা টানেলের প্রায় ১৭০ মিটার গভীরে আটকা ছিলেন। সঞ্জয় শাহকে প্রথমে উদ্ধার করা হয়। পরে কবির মহারাজনকেও জীবিত অবস্থায় বের করে আনা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা কাদায় ঢাকা এক শ্রমিককে টানেল থেকে বের করে আনছেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় শ্রমিককেও কিছুক্ষণ পর উদ্ধার করা হয়।

এর আগে উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান। এতে সেখানে আটকা অন্য শ্রমিকদের জীবিত থাকার আশাও তৈরি হয়। উদ্ধারকারীরা টানেলের প্রবেশপথে জমে থাকা কাদা ও পাথর সরিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন।

নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এখনও প্রায় ৫০০ শ্রমিক আটকা থাকতে পারেন বলে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে। দেশটির ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে প্রায় ৯০০ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

গত ২৬ আগস্ট হিমবাহ ধসের পর ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের ত্রিশূলী নদী উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এতে জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ