দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিয়ে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আজ আমরা দেশে একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে।
তিনি বলেন, আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর মূল সমস্যাগুলোতে হাত না দিয়ে তারা ব্যর্থ হয়ে পড়েছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এনসিপি মুখপাত্র বলেন, আমরা আবার ডিজিটাল যুগ থেকে অ্যানালগ যুগে ফিরে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশে ১১ দলীয় জোটসহ অনেক রাজনৈতিক দল রয়েছে। জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ারও আহ্বান জানান তিনি।











