জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলের নেতাকর্মীদের ওপর সরকারি দলের নেতাকর্মীরা দেশের কোথাও নির্যাতন-নিপীড়ন চালালে আমরা চুপ করে বসে থাকব না। আমরা ছয় মাস সময় দিয়েছি। এরপরও যদি ১১ দলের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আঘাত করলে পালটা আঘাত আসবে, এটা মনে রাখতে হবে। যারা আঘাত করবে, তাদেরও পালটা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবারের লংমার্চ থেকে আমাদের স্পষ্ট বার্তা, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটের সমাধান করতে হবে। অন্যথায় ক্ষমতার গদিতে থাকা যাবে না।
তিনি আরও বলেন, জনগণ কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি দুর্নীতি করার জন্য। মন্ত্রীরা দুর্নীতি করবেন, আর দেশের মানুষের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুৎ থাকবে না, এটা ১১ দল থাকা অবস্থায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিকেল সাড়ে ৩টা থেকে চলা পথসভাটি এক ঘণ্টার মধ্যে শেষ হয়। এরপর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় লংমার্চের গাড়িবহর।
পথসভায় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।











