spot_img
spot_imgspot_img

ভারতে বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে ভবন থেকে পড়ে নিপীড়কের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে এক বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করার পর পালিয়ে যাওয়ার সময় বহুতল ভবন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার অচ্যুতাপুরম এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফার্মেসিতে স্নাতক পর্যায়ে পড়াশোনা করা বাংলাদেশি ওই ছাত্রী সম্প্রতি অচ্যুতাপুরমে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তিনি একই বাসায় থাকতেন। ওই ব্যক্তি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ছাত্রীর পাশের একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩)। তিনি স্থানীয় একটি মদের দোকানে কাজ করতেন। ওই দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় বাংলাদেশি ছাত্রীকে তিনি কয়েকবার দেখেছিলেন বলে জানা গেছে।

ঘটনার দিন ছাত্রীর পুরুষ সহপাঠী বা বন্ধু কাজে বাইরে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে যাদব ওই বাসায় যান। শৌচাগার পরিষ্কার করে দেওয়ার কথা বলে তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় ওই শিক্ষার্থী বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে সুযোগ পেয়ে ওই ছাত্রী বাসা থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান। এরপর স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান।

এদিকে বিষয়টি বুঝতে পেরে ভবন থেকে পালানোর চেষ্টা করেন যাদব। এ সময় তিনি ভবনের একটি পিলার বেয়ে নিচে নামার চেষ্টা করেন। কিন্তু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানিয়েছেন, ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: ইটিভি ভারত

spot_img
spot_img
spot_img

সর্বশেষ