ইয়েমেনের হুথিদের ব্যাপক হামলার পরও তাদের সঙ্গে সংকট সমাধানের কূটনৈতিক পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সংঘাতের নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় রিয়াদ কূটনৈতিক প্রচেষ্টাকেই অগ্রাধিকার দেবে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে প্রিন্স ফয়সাল বলেন, হুথিদের নিজেদের বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। তারা এসব সমস্যা সৌদি আরব ও ইয়েমেনের বৈধ সরকারের ওপর চাপিয়ে দিতে চায়।
তবে হুথিদের এই উসকানিমূলক আচরণ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তাদের স্বার্থপর মনোভাব ও কর্মকাণ্ড এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যার ফল ভোগ করা তাদের পক্ষে সম্ভব হবে না বলেও জানান তিনি।
হুথিদের নীতি ও হামলার সমালোচনা করলেও প্রিন্স ফয়সাল বলেন, কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সৌদি আরব সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নেবে। তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো ধরনের দ্বিধা বা আপস করবে না।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ওপর হুথিদের হামলা এবং ইয়েমেনে নতুন করে তীব্র সংঘর্ষের মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ অবস্থান জানালেন। একই সময়ে জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূতও সংঘাত বন্ধ করে রাজনৈতিক আলোচনার পথ ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা।












