spot_img
spot_imgspot_img

অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমীর

অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এ থেকে উত্তরণে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রত্যেক জাতির একটি নিজস্ব সক্রিয় সংস্কৃতি থাকে। আমরা নিজস্ব সংস্কৃতি লালন ও ধারণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বিজ্ঞানীরা এটিকে ‘কালচারাল অ্যাগ্রেশন’ বা সাংস্কৃতিক আধিপত্যবাদ বলছেন।

তিনি বলেন, শুধু মুখের বক্তব্য দিয়ে প্রতিবাদ করলে হবে না। বরং সুস্থ সংস্কৃতির বিকাশে উপযুক্ত উদ্যোগ গ্রহণ করা হলে তখনই একটি জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর দাঁড় করানো সম্ভব।

তিনি আরও বলেন, যার কাছ থেকে শিখব, তাকে সম্মান করব। কিন্তু এখন আমাদের সংস্কৃতি কী শিক্ষা দিচ্ছে? আমাদের সংস্কৃতি শিক্ষা দিচ্ছে, আমাদের কলেজের প্রিন্সিপাল যিনি, তাকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলা! এই দৃশ্য আমরা দেখিনি? এটা হলো অপসংস্কৃতির প্রভাব। মানুষকে মানুষ বানাতে হলে, সন্তানদের মানুষ বানাতে হলে আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, কুরআন তার তামাম সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কুরআনকে যারা অনুসরণ করবে, তারা নিজেরাই সৌভাগ্যবান হবে। যে জাতি অনুসরণ করবে, সে জাতি গৌরবময় হবে। আর যারা এটা ছেড়ে দেবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, অপদস্থ হবে। সেই চিত্রই সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ