spot_img
spot_imgspot_img

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধানের ঘোষণা সৌদির

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, মদিনা অঞ্চলে শনাক্ত ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের মোট পরিমাণ প্রায় ১১ কোটি টন।

তবে এই ১১ কোটি টন বিশুদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ নয়। এটি ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের মোট পরিমাণ। এতে ইউরেনিয়ামের গড় ঘনত্ব কত, কতটুকু উত্তোলনযোগ্য এবং বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য ইউরেনিয়াম পাওয়া যেতে পারে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এ আবিষ্কার এমন সময়ে সামনে এলো, যখন সৌদি আরব নিজেদের জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক শক্তি যুক্ত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। দেশটির জাতীয় পরমাণু শক্তি প্রকল্পে ইউরেনিয়ামকে ভবিষ্যৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্ত করার কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে রিয়াদের।

ফলে মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধানের এই ঘোষণা সৌদি আরবের ভবিষ্যৎ পারমাণবিক জ্বালানি সক্ষমতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ