কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশের মানুষ সুবিচার পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করছে।
যানজট সমস্যা একদিনে সমাধান হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সমস্যা সমাধানে সমন্বয়ের কাজ শুরু হয়েছে। যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অটোরিকশা বন্ধের পক্ষে সরকার নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।











