ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশের দোকানপাট বা অন্য যানবাহনে ছড়িয়ে পড়তে পারেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে পার্কিং করা অবস্থায় হঠাৎ তাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বাসে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। তবে সার্বিক তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাসকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও জব্দ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











