জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে নিউইয়র্কে বিএনপির আনন্দ মিছিল
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের বিপরীতে স্বাগত ও আনন্দ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল থেকে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও রঙিন পোস্টার হাতে তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এ আনন্দ মিছিলে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ফ্লোরিডা, বোস্টন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, শিকাগো, কানেকটিকাট, পেনসিলভানিয়া, জর্জিয়া, টেনেসি ও কানাডা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, পুরো কর্মসূচির সমন্বয় করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তাকে সহযোগিতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও জিল্লুর রহমান জিল্লু এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল ও দক্ষিণের সম্পাদক মোহাম্মদ বদিউল আলম প্রমুখ।
স্বাগত ও আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, বোস্টন বিএনপির সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম (বদরা সাইদ), ওয়াশিংটন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন, টেনেসি স্টেট বিএনপির সভাপতি ড. তরিকুল ইসলাম এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ অসংখ্য নেতাকর্মী।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। সেলিম রেজা বলেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাতৃভাষা বাংলায় ভাষণ দিয়েছেন। এতে আমরা গর্বিত ও আনন্দিত।’
ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার বলেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আমেরিকা সফর ঘিরে প্রবাসীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসীরা বৈঠক করে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরতে চান। কেননা, প্রবাসীরাও বাংলাদেশ নিয়ে ভালো চিন্তাভাবনা করেন।’
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমানের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ‘বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে কূটনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে তিনি বক্তব্য দিলেন। আশা করছি, জিয়া পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভাষণ দেবেন।’
উল্লেখ্য, নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে তিনি বাংলায় বক্তব্য দেন। প্রায় ২০ মিনিটের ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, বিশ্বশান্তি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।











