spot_img
spot_img

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ভারতীয় দালালদের দখলে: মাওলানা মামুনুল হক

বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিএনপিতে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালালদের দখলে রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, সরকারই সিন্ডিকেট করে পুরো জ্বালানি খাতকে বাইরের দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। সময় থাকতে সেখান থেকে ফিরে আসুন। অন্যথায় বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। আর কোনো ফ্যাসিবাদ দেশের জনগণ দেখতে চায় না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষতলায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা সব দল সম্মিলিতভাবে যুগের লেডি ফেরাউন, সবচেয়ে নিকৃষ্ট বর্বর শাসক হাসিনাকে বিদায় করেছি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো তখন ঐক্যবদ্ধ ছিল। হাসিনার পতনের মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের পতন ঘটেনি। বাংলাদেশের জমিন থেকে আধিপত্যবাদের শেকড় উপড়ে গেছে। কিন্তু সরকার জুলাইয়ের সেই ঐক্য নষ্ট করে দিয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা বলেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনবেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করবেন এবং পুলিশকে হাসিনার মতো বিএনপিকরণ করবেন না। কিন্তু আপনারা সাত মাসে সবকটি ওয়াদা ভঙ্গ করেছেন। জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করেছেন। ৭০ ভাগ জনগণের সঙ্গে আপনারা তামাশা করেছেন। জনগণ আপনাদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। তাদের সেই অপতৎপরতা মোকাবিলা করা প্রধানত সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। তারা পরাজিত শক্তিকে মোকাবিলা না করে বিরোধী দলকে বলছে, সরকারের সাত মাস যায়নি, কেন বিরোধী দলগুলো এখন থেকেই সরকারের বিরুদ্ধে লং মার্চ করছে।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা লং মার্চ করার জন্য সাত মাস অপেক্ষা করেছি। কিন্তু আপনারা জুলাইকে অস্বীকার করতে এবং গণভোটের রায়কে ছুড়ে ফেলে দিতে সাত দিনও অপেক্ষা করেননি।

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি এমদাদুল্লাগ সোহাইলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির নায়েবে আমীর আলী উচমান, মহাসচিব জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ ছাত্র ও যুব মজলিসের নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ