আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউজার্সির ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। মেইন থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনের বরাতে জানা যায়, ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। বাতিল করা হয়েছে বিভিন্ন স্টেডিয়াম ও খোলা মাঠের আয়োজন। এমনকি বোস্টনে সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্টও বাতিল করা হয়েছে।
ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘নরইস্টার’। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় বিপজ্জনক বন্যা পরিস্থিতি, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা প্রায় ৮৯ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কতা দেওয়া হয়।
বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। রয়টার্সও শনিবার এক পর্যায়ে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হওয়ার তথ্য জানিয়েছে।
এদিকে ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিউইয়র্ক সিটির তিনটি প্রধান বিমানবন্দরে ঝড়ের কারণে ফ্লাইটে বিঘ্ন ঘটার আশঙ্কা জানিয়েছে। বিমানযাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে এনডব্লিউএস। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউজার্সির উপকূলীয় সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাটে বন্যার পানি উঠে যায় এবং কিছু বাড়িতেও পানি ঢুকে পড়ে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
এনডব্লিউএসের সতর্কবার্তায় বলা হয়, সমুদ্রতীরের কাছাকাছি নিচু এলাকাগুলোতে দ্রুত বন্যার পানি উঠতে পারে। এতে রাস্তাঘাট, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউইয়র্কের বিভিন্ন উপকূলীয় এলাকায় এক থেকে দুই ফুট পর্যন্ত পানি জমতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিও বার্তায় নগরবাসীকে খুব প্রয়োজন না হলে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলাচল না করারও পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে নিউজার্সির গভর্নর মিকি শেরিল ঝড়কে গুরুত্বের সঙ্গে নিয়ে সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।
ঝড়ের প্রভাব পড়েছে ক্রীড়া আয়োজনেও। বোস্টন এলাকার বেসবল দল বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই দলের নির্ধারিত ম্যাচ পুনর্বিন্যাস করে ডাবলহেডার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পেশাদার ফুটবলের দল রেড বুল নিউইয়র্ক ও সেন্ট লুইস সিটির মধ্যকার শনিবারের ম্যাচটিও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি পরবর্তী বুধবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে শনিবার (২৬ সেপ্টেম্বর) হওয়ার কথা থাকা গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালও বাতিল করা হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জ্যাঁ, জন লিজেন্ডসহ কয়েকজন শিল্পীর পরিবেশনা করার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন, চরম আবহাওয়ার পূর্বাভাসের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
বোস্টন এলাকার জিলেট স্টেডিয়ামে এড শিরানের শুক্রবার ও শনিবারের নির্ধারিত কনসার্টও ঝড়ের কারণে বাতিল করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বোস্টন ও নিউ ইংল্যান্ডজুড়ে গুরুতর আবহাওয়ার সতর্কতার কারণে দর্শক, কর্মী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স, বিবিসি











