spot_img
spot_img

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট শ্রেণির বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে আমেরিকা। অর্থাৎ এসব পণ্যে শূন্য শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে আমেরিকার নির্ধারিত ১০০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার দিনেই এই শূন্য শুল্ক সুবিধাও কার্যকর হয়েছে।

২৩ সেপ্টেম্বর প্রকাশিত আমেরিকার বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির (বিআইএস) বিজ্ঞপ্তিতে শূন্য শুল্ক সুবিধার জন্য যোগ্য দেশ ও অঞ্চলগুলোর তালিকা প্রকাশ করা হয়। এতে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শূন্য শুল্কের আওতায় পড়বে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট। রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্যও এই সুবিধার আওতায় থাকবে।

এসব পণ্যের সংশ্লিষ্ট উপাদানও নির্ধারিত শর্তে শূন্য শুল্ক সুবিধা পেতে পারে। তবে সব ধরনের ওষুধ এই ছাড়ের আওতায় পড়বে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য শুল্ক সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে। কোনো পণ্য এমন দেশ বা অঞ্চল থেকে এলে যেখানে আমেরিকার সঙ্গে বর্তমান বা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি রয়েছে, অথবা পণ্যটি আমেরিকার জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে প্রয়োজনীয় হলে শূন্য শুল্ক সুবিধা দেওয়া যেতে পারে।

বাংলাদেশের পাশাপাশি আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন এবং ভিয়েতনামও এই তালিকায় রয়েছে।

অন্যদিকে নির্দিষ্ট শ্রেণির পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক তালিকায় থাকা কোম্পানিগুলোর জন্য এই শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হলেও অন্যান্য কোম্পানির ক্ষেত্রে তা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

তবে জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান বর্তমানে সেকশন ২৩২-এর এই শুল্কের আওতায় পড়ছে না বলে জানিয়েছে আমেরিকার বাণিজ্য বিভাগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ