spot_img
spot_img

চাঁদাবাজি-সন্ত্রাস-দুর্নীতি দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ সামাজিক অনাচার দিনদিন বৃদ্ধি পাচ্ছে এবং এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, ইতোমধ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করেছি। এদেশের মানুষ মুক্তির আশায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছে। কিন্তু দেশের মানুষের মুক্তি মেলেনি। যে নীতির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, তাতে স্বাধীনতার হীরকজয়ন্তী ও শতবর্ষ উদযাপন করতে থাকব। কিন্তু এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।

তিনি বলেন, বিভিন্ন দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে। কেউই বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ-রাষ্ট্রের পরিবর্তন করতে পারেনি। সবাই নির্বাচনি ইশতেহার ভুলে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনোই আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। তাই মানুষ স্বপ্ন দেখছে, ইসলামী আন্দোলনের হাত ধরেই এদেশে নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

আইএবি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তাদের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারা আশা করেছিলেন, ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা থাকবে না। কিন্তু সেই কাঙ্ক্ষিত বিষয় বাস্তবে দেখা যায় না।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এখনো তালবাহানা করে যাচ্ছে বিএনপি সরকার। তাদের মনে রাখা উচিত, এভাবে চললে জনবিস্ফোরণ হতে সময় লাগবে না। আরেকটি বিষয় হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপনীয় এজেন্ডা নেই। তারা অতীতেও বলেছেন, বর্তমানে এবং ভবিষ্যতেও জাতির কাছে বলে যাবেন, তারা ইসলামী শরীয়াহ বাস্তবায়ন করতে চান।

সভাপতির বক্তব্যে নগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, তাদের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়তে হবে। শরীয়াহর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলো থেকেই শরীয়াহর বিজয় শুরু হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, তারা ভিশন ও মিশন ঠিক করেই সামনে এগোচ্ছেন। জনগণ তাদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবেন।

নগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আবদুর রাজ্জাক, নগর উত্তরের সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, নগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ