spot_img
spot_img

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ৪৭৪ অভিযান, ১ হাজার ৫৪০ হতাহত দাবি সেনাবাহিনীর

ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (২ অক্টোবর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে হুথিদের অবস্থান, গতিবিধি, রসদ ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে।

আল-নাজিলি বলেন, দক্ষিণ হারাধ, উপকূলীয় এলাকা ও কিতাফ থেকে শুরু করে আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহিজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে এসব অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তাইজের বিভিন্ন ফ্রন্টে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তিনি জানান, হুথিদের হুমকির উৎস, সমাবেশ, রসদ ও সামরিক সহায়তা, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং অন্যান্য সামরিক সক্ষমতাকে অভিযানের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, এসব অভিযানে ১ হাজার ৫৪০ হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন। তাদের বেশিরভাগই তাইজের বিভিন্ন ফ্রন্টে হতাহত হয়েছেন। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সক্ষমতা ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আল-নাজিলি আরও দাবি করেন, এসব অভিযানের ফলে তাইজের ফ্রন্টগুলোতে হুথিদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থলভাগে বড় ধরনের অগ্রগতি অর্জনের চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়েমেনজুড়ে লড়াই তীব্র হওয়ার মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা এলো। এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুথিদের গতিবিধি ও রসদ সরবরাহের ওপর যুদ্ধবিমান দিয়ে ২০টি হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সানা ও সাদার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথাও জানিয়েছিল সরকারি বাহিনী।

এর আগে বুধবার ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছিল, তিনটি ফ্রন্টে হুথি সদস্য ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ৪৬৮টি অভিযান চালানো হয়েছে। ওই অভিযানে শত শত হুথি সদস্য হতাহত হয়েছে বলেও দাবি করেছিল তারা।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইরান ইন্টারন্যাশনাল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ