গাজ্জায় কোনো নিরপরাধ মানুষ নেই এবং এমনকি ‘দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা’ করা উচিত বলেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একদল তরুণ বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে ল্যাপিড বলেন, সম্প্রতি তিনি একদল তরুণ-তরুণীর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি তাদের বলতে শোনেন, ‘তাদের সবাইকে হত্যা করতে হবে’ এবং ‘কোনো নিরপরাধ মানুষ নেই’।
ল্যাপিড বলেন, তিনি তাদের প্রশ্ন করেছিলেন, ‘শিশুদের কী হবে?’ জবাবে তারা বলেছিল, ‘শিশুদেরও। কারণ শেষ পর্যন্ত তারা বড় হয়ে সন্ত্রাসী হবে। ল্যাপিডের ভাষ্য অনুযায়ী, এমনকি দুই সপ্তাহ বয়সী শিশুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে তারা জানিয়েছিল।
ল্যাপিড বলেন, তাহলে তো হামাসই জিতল। কারণ এগুলো হামাসেরই মানদণ্ড। তারা এটাই চেয়েছিল, যেন আমরাও তাদের মতো হয়ে যাই।
তিনি বলেন, যেসব ইসরাইলি মন্ত্রী ও কর্মকর্তা শিশুদের অনাহারে রাখার আহ্বান জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা অভ্যন্তরীণ ক্ষতি ডেকে এনেছে। এর ফলে হামাস থেকে নিজেদের আলাদা করার মতো কোনো নৈতিক বা মূল্যবোধভিত্তিক মানদণ্ড নির্ধারণে তারা ব্যর্থ হচ্ছেন।
ল্যাপিড ২০২২ সালের শেষের দিকে বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসার আগে পাঁচ মাস ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বলেন, গত তিন বছরে সরকারের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।
ল্যাপিড বলেন, গাজ্জায় ইসরাইল একটি ‘ন্যায্য’ যুদ্ধ পরিচালনা করছে। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গাজ্জায় গণহত্যা চালানোর যে অভিযোগ আনা হচ্ছে, তা তিনি ‘অর্থহীন’ বলে অভিহিত করেন। তবে তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্কদের যুদ্ধে শিশুদের মারা যাওয়া উচিত নয়, কোনো অবস্থাতেই নয়।
ল্যাপিডের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইলের তরুণদের মধ্যে ডানপন্থি মনোভাবের বিষয়ে সাম্প্রতিক জরিপে একটি প্রবণতা উঠে এসেছে। সেপ্টেম্বর মাসে চ্যানেল ১২ ও গবেষণা প্রতিষ্ঠান মিডগামের পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রথমবারের ভোটারদের ৭৪ শতাংশ নিজেদের ডানপন্থি বা মধ্য-ডানপন্থি হিসেবে পরিচয় দিয়েছেন। জরিপে ১৮ থেকে ২২ বছর বয়সী ১ হাজার ৫২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়।
সাম্প্রতিক ওই জরিপে তরুণদের রাজনৈতিক অবস্থানের পাশাপাশি দলীয় পছন্দও উঠে এসেছে। তবে এই তথ্যকে ল্যাপিডের বর্ণিত তরুণদের বক্তব্যের সরাসরি প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে না। ল্যাপিড যে বৈঠকের কথা বলেছেন সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ নেই।
সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি











