ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য হলেও এবার ট্রাম্প দাবি করেছেন, ইরান সেই পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপস করবে না বলে জানিয়েছে।
তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে ইরান। পাশাপাশি বর্তমানে তেলের দাম কমছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, তেলের দাম এখন বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও কম।
শনিবার (৩ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যে একটি সমাবেশে যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন
সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেলের দাম কমছে। এখন তেলের দাম কম। বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও এখন দাম কম। অথচ তারা ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে কিছুই করেনি।
তিনি আরও বলেন, ইরান, আপনারা জানেন, পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনাই প্রায় ছেড়ে দিয়েছে।
তবে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার বিষয়ে আমেরিকা ও ইসরাইলের অভিযোগ দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ইরান। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই অবস্থানের কথা জানান।
পেজেশকিয়ান বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা বা কম সমৃদ্ধ করার প্রস্তাবও দেন তিনি।
তবে ইরান জানিয়েছে, তাদের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপস করবে না তেহরান। একই সঙ্গে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচির কাঠামোগত কোনো পরিবর্তনও করা হবে না বলে জানিয়েছে ইরান। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান কোনো ছাড় দেবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স











