বিগত ১৭ বছর দেশে জনগণের ভোটাধিকার, সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ ও গণতন্ত্রের অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেছেন, স্বৈরশাসনের কারণে বিগত সরকারের তথাকথিত উন্নয়নের বয়ান ফানুসের মতো মিলিয়ে গেছে। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে এমন এক ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যার কারণে বাংলাদেশ আজ বিশ্বে ঋণখেলাপির তালিকায় শীর্ষে পৌঁছেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিতুমীর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার রূপরেখা দিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে বিশেষায়িত উৎপাদনকেন্দ্র স্থাপন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে প্রকৃত উন্নয়নের ধারা শুরু হয়েছে। দেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যোগাযোগ ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ ভাঙ্গা উপজেলার ওপর দিয়ে যাতায়াত করেন। অথচ সেখানে এখনো কোনো ট্রমা সেন্টার গড়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ এই ট্রানজিট পয়েন্টে ট্রমা সেন্টার না থাকা পুরো জাতির জন্যই এক বড় ধরনের ট্রমা।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে এই অঞ্চলের মানুষের জন্য কোনো বাস্তবমুখী কর্মসংস্থান সৃষ্টি করা হয়নি। অথচ উন্নয়নের বুলি আওড়ানো হয়েছে। গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুরে বেকারত্বের উচ্চহার প্রমাণ করে, সেখানে উন্নয়নের নামে মূলত লুটপাটতন্ত্র কায়েম ছিল।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন না করা হলে যে পরিস্থিতি তৈরি হয়, বিগত সরকার দেশকে সেই পরিস্থিতির মধ্যে রেখে গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের জন্য কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতির দিকে গুরুত্ব দিচ্ছে।











