spot_img
spot_img

জনগণের টাকা ঘাটে ঘাটে চুরি করা হলে আমরা আর বসে থাকব না: জামায়াত আমির

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা ঘাটে ঘাটে, স্থানে স্থানে চুরি করা হলে আমরা আর বসে থাকবেন না।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা করতে পারবে। রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত বলেও মন্তব্য করেন তিনি।

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হয়রানির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা’। তার দাবি, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি। তাকে ঘিরে আনা অভিযোগ হাজার ভাগ মিথ্যা।

তিনি বলেন, আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর নয়, সারা দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। এ ঘটনাকে দেশবাসী ও প্রবাসীরা যেন হালকাভাবে না নেন, সেই আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি। এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ রোগ প্রতিরোধে আমরা ভূমিকা রাখব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ