spot_img
spot_img

ফিলিস্তিনির জমিতে পর্যটনকেন্দ্র গড়ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি মালিকানাধীন জমির পানি সরিয়ে নিয়ে সেখানে পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি প্রাচীন জলাধারের উন্নয়নকাজ শুরু করেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। জর্ডান উপত্যকার ফাসায়িল এলাকায় অবস্থিত ‘হেরোদের পুলস’ নামে পরিচিত ওই স্থানের উন্নয়নে ৩০ লাখ শেকেল বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।

ফিলিস্তিনি কৃষক সাদ নেমের ও তার পরিবারের মালিকানাধীন জমির পাশ দিয়ে যাওয়া একটি পাইপলাইন থেকে কৃষিজমিতে সেচের জন্য পানি সরবরাহ করা হতো। চলতি বছরের জুনে সেই পানির প্রবাহ বন্ধ করে তা জলাধারটির দিকে সরিয়ে দেওয়া হয়। এতে নেমেরের কৃষিজমিতে সেচের পানি সরবরাহ ব্যাহত হয়।

এরপর ইসরাইলি বসতি স্থাপনকারীরা জলাধারটিকে পর্যটনকেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করে। তারা দাবি করে, এটি বাইবেলীয় যুগের ইহুদি রাজা হেরোদের সময়ের জলাধার। তবে প্রত্নতাত্ত্বিকদের মতে, জলাধারটির সঠিক উৎস ও সময়কাল নিশ্চিত নয়।

স্মোটরিচ ‘হেরোদের পুলস’ পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য ৩০ লাখ শেকেল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, সংরক্ষণ ও সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতেই উন্নয়নকাজ করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ‘বসতি স্থাপন বিপ্লব অব্যাহত রয়েছে।

এদিকে ফিলিস্তিনি কৃষক সাদ নেমের বর্তমানে ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না। পানির উৎস সরিয়ে নেওয়ায় তার কৃষিজমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্র : রয়টার্স, নিউইয়র্ক টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ