spot_img
spot_img

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে সমাধানের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কীভাবে সহায়ক পরিবেশ তৈরি হবে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আলাপ-আলোচনা, ডায়লগ। ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে কথাবার্তা বলতে হবে, ডিপ্লোমেটিক এনগেজমেন্ট থাকতে হবে। সেটি আছে, আলাপ-আলোচনা হচ্ছে।’

তিনি বলেন, ‘কিছু চ্যালেঞ্জও আছে।’

‘তবে যেহেতু ডায়লগ এবং এনগেজমেন্ট আছে, আমরা ইতিবাচকভাবে এসব চ্যালেঞ্জের সমাধানে যেতে পারব। আমি নিশ্চিত, এর একটি ফলাফল আমরা পাব।’

সফর সামনে রেখে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ের আলোচনার মাধ্যমে সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট হবে বলেও জানান তিনি।

নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে আমি এ বিষয়ে ব্রিফিং করব এবং সাংবাদিকরা সবার আগে বিষয়টি জানতে পারবেন।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো, আমরা সেটাতেই যাব।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ