spot_img
spot_img

জুলাইয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, জুলাইয়ে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নেপথ্যের অবদান মানুষের কাছে তুলে ধরা তাদের দায়িত্ব।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাইয়ে ছাত্রদলের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। আমরা লক্ষ্য করছি যে জুলাইয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এই বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের লুকানো হয়েছিল। বিএনপির সংগ্রাম জুলাইয়ের অন্যতম একটি সংগ্রাম। সেই সংগ্রামকে কখনোই ওই অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তুলে ধরতে সদিচ্ছা দেখায়নি।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব রয়েছে, জুলাইয়ে বিএনপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেপথ্য থেকে বিএনপির যে ভূমিকা সেই ভূমিকাগুলো মানুষের কাছে তুলে ধরা। যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি যাতে অমলিন থাকে সেই লক্ষ্যে শহীদ পরিবারের খোঁজখবর রাখা, তাদের কবর জিয়ারত করা এবং এ রকম বিভিন্ন ধারাবাহিক কার্যক্রম আমি করছি। এসব কার্যক্রমে জেলা বিএনপি আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, বিএনপির নির্বাচনের প্রস্তুতি সব সময় থাকে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, একাধিক প্রার্থী থাকেন। সামনে যে স্থানীয় নির্বাচন হবে, এই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে ঘোষণা দিয়েছেন, তারা প্রচারণা করছেন এবং মানুষের কাছে যাচ্ছেন। মানুষের বিপদে-আপদে বিএনপির নেতাকর্মীরা মানুষের কাছাকাছি থাকার সর্বাত্মক চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় নির্বাচনের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি দলের চেইন অব কমান্ড ভেঙে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হন, তার বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা ঘটানোর সুযোগ নেই। জাতীয় নির্বাচনের প্রস্তুতি যেমন ছিল, স্থানীয় নির্বাচনের প্রস্তুতিও বিএনপির আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ