spot_img
spot_img

রিয়াদের বিমানবন্দরে দুই হামলা, সৌদি এয়ারলাইন্সের ক্যাপ্টেনসহ তিনজন নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলায় রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামিসহ তিনজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হামলা দুটি হয়। শুক্রবার (৯ অক্টোবর) সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা) হতাহতের তথ্য জানায়। সৌদি এয়ারলাইন্স পৃথক বিবৃতিতে তাদের ক্যাপ্টেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গাকার বিবৃতি অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয়। দ্বিতীয় হামলায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। জরুরি সেবার দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নির্ধারিত জরুরি পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, কারও গুরুতর। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে আহতদের মোট সংখ্যা প্রকাশ করা হয়নি।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, হামলার সময় ক্ষতিগ্রস্ত বিমানটি মাটিতে অবস্থান করছিল এবং এতে কোনো যাত্রী ছিলেন না। বিমান সংস্থাটি নিহত ক্যাপ্টেন আল-কালথামির পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

ইয়েমেনের হুথিরা বৃহস্পতিবার কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে হামলাকারীদের পরিচয় উল্লেখ করা হয়নি।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরে।

এদিকে হামলার পর রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে কয়েকটি বিদেশি বিমান সংস্থা। লুফথানসা গ্রুপ ১৬ অক্টোবর পর্যন্ত, এয়ার ইন্ডিয়া ও আকাসা এয়ার ১০ অক্টোবর পর্যন্ত এবং ইন্ডিগো ৯ অক্টোবর পর্যন্ত রিয়াদে আসা-যাওয়ার ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে। বৃহস্পতিবার দিল্লি থেকে রিয়াদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লিতে ফিরে যায়।

এর আগে মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ অক্টোবর) রিয়াদ ও আবহা বিমানবন্দরে পৃথক হামলায় আরও তিনজন নিহত এবং ৩৬ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। ওই হামলাগুলোতে কিং খালিদ বিমানবন্দরে একজন সুদানিজ নাগরিক এবং আবহা বিমানবন্দরে মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। রিয়াদে আটজন এবং আবহায় ২৮ জন আহত হয়েছিলেন।

সূত্র : গালফ নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ