spot_img
spot_img

প্রধানমন্ত্রী ছাড়া যিনি উঠতে, বসতে কিংবা শুতে পারেন না, এমন রাষ্ট্রপতি আমরা চাই না: মাওলানা মামুনুল হক

প্রধানমন্ত্রী ছাড়া যিনি উঠতে, বসতে কিংবা শুতে পারেন না, এমন রাষ্ট্রপতি চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়া যিনি উঠতে, বসতে কিংবা শুতে পারেন না, এমন রাষ্ট্রপতি আমরা চাই না। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ থাকবে না। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠিত হলে বিচারব্যবস্থায় দলীয় প্রভাব কমবে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিসের পলাশ উপজেলা শাখার আয়োজনে নরসিংদীতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল বলেন, অতীতে দলীয় সরকারের আজ্ঞাবহ বিচারপতিদের মাধ্যমে জনগণের অধিকার খর্ব করা হয়েছে। গণভোটের রায় অনুযায়ী বিচারপতি নিয়োগ হলে খায়রুল হকের মতো বিচারপতিরা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না। কিন্তু বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে নয়।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ হবে। অতীতের সরকারের আমলে প্রশাসন জনগণের সেবক না হয়ে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল। জনগণের বন্ধু হিসেবে পুলিশকে কাজ করতে হবে, সরকারের অনুগত বাহিনী হিসেবে নয়। বিএনপি, যুবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নামে পুলিশ বাহিনী দেখতে চায় না দেশের মানুষ।

দেশের জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শুধু দলীয়করণ নয়, তেল-গ্যাস ও বিদ্যুৎসহ বাংলাদেশের পুরো জ্বালানি খাতকে দেশবিরোধী ভিনদেশি দালাল চক্রের হাতে তুলে দিয়ে অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে। সর্বত্র টেন্ডারবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ