spot_img
spot_img

দুর্গাপূজা বাংলাদেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: আমির খসরু

দুর্গাপূজা এখন আর শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাংলাদেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সব মানুষের সমান অধিকার, সুযোগ-সুবিধা ও অংশগ্রহণ নিশ্চিত হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের জেএমসেন হলে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্গাপূজা ধর্মীয় উৎসব হলেও এটি বাংলাদেশের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। ছোটবেলা থেকেই তিনি পূজার আনন্দ ও উৎসবে অংশ নিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি দেশ গড়তে চান, যেখানে কোনো বিশেষ গোষ্ঠী নয়, সবাই সমান সুযোগ পাবেন এবং সবার অংশগ্রহণে রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। রাষ্ট্রের সুযোগ-সুবিধা যেন সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সামাজিক সম্প্রীতির বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিটি সমাজেই কিছু দুষ্ট লোক থাকে। তারা যেন মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এবার দুর্গাপূজার বেশ আগেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। মানুষের মধ্যে স্বস্তি, ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ থাকলে আনন্দ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। সরকার সেই পরিবেশ ফিরিয়ে আনতে চায়। ছোটখাটো অসুবিধা থাকতে পারে, তবে সেগুলোকে বড় করে না দেখে দেশের সামনে থাকা সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ