ভারতের নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই তাকে আটক করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের নিজ বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরের বিক্ষোভে তিনি অংশ নেবেন।
পুলিশ জানিয়েছে, দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা এবং বিক্ষোভের অনুমতি না থাকার কথা জানিয়ে রাঠিকে কর্মসূচিতে অংশ না নিতে বলা হয়েছিল। তবে তিনি বিক্ষোভে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় সকালে তাকে আটক করা হয়।
ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এ বিক্ষোভের ডাক দেয় সিজেপি। আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপিকে রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে। তবে ভারতের নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিক্ষোভ ঠেকাতে দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ভারতীয় কর্তৃপক্ষ। যন্তর মন্তরসহ কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েনের পাশাপাশি বিক্ষোভকারীদের সমাবেশস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়। বিভিন্ন স্থান থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ সংগঠনটির একাধিক নেতাকেও আটক করেছে পুলিশ। ধ্রুব রাঠিসহ বিক্ষোভকারী ও অ্যাক্টিভিস্টদের আটকের নিন্দা জানিয়ে সিজেপি বলেছে, নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ওঠা প্রতিবাদের কণ্ঠ দমন করতেই এ অভিযান চালানো হচ্ছে। দলটি আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
ধ্রুব রাঠির মতো ব্যাপকভাবে পরিচিত এবং মোদি সরকারের সমালোচক একজন ইউটিউবারকে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক করার ঘটনা আন্দোলনকে স্তিমিত করার বদলে আরও বেগবান করতে পারে। একই সঙ্গে তার আটককে কেন্দ্র করে নির্বাচন কমিশনবিরোধী এ আন্দোলনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস











