ভারতের মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির জাতীয় সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, দাবি আদায়ে রোববার (১১ অক্টোবর) আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাবেন তারা।
শনিবার (১০ অক্টোবর) সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে সমর্থকদের যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ যেখানেই তাদের বাধা দেবে, সেখানেই তারা প্রতিবাদস্থল গড়ে তুলবেন।
এর আগে শনিবার দিল্লিতে যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে পুলিশ সিজেপির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, মুখপাত্র সৌরভ দাস ও সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কাকে দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকে আটক করা হয়। তাদের অনুপস্থিতিতে যন্তর মন্তরের বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অজিঙ্ক শিন্ডেকে।
সিজেপি জানিয়েছে, রোববার সকাল ১০টায় আবারও যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। দলটি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ তাদের বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শনিবারের কর্মসূচিকে ঘিরে দিল্লিতে ব্যাপক পুলিশি তৎপরতা চালানো হয়। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছানো ঠেকাতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বিপুলসংখ্যক মানুষকে আটক করা হয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে











