spot_img
spot_img

ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান আসিফ মাহমুদের

ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে আটক তরুণ বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিক্ষোভের আগে তরুণ আন্দোলনকারীদের আটক এবং তাদের কণ্ঠরোধের অভিযোগের নিন্দা জানিয়ে ভারত সরকারকে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, বিক্ষোভের আগে ধ্রুব রাঠী এবং ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তরুণ বিক্ষোভকারীদের আটকের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন।

তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে আরও ইঙ্গিত পাওয়া গেছে যে, এই বিক্ষোভ বাধাগ্রস্ত করতে ভারত সরকার শত শত ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সংযোগ বন্ধ এবং বিক্ষোভের এলাকাগুলো ব্যারিকেড দিয়ে ঘেরাও করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।

আসিফ মাহমুদ বলেন, ভারত সরকারকে অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার ক্ষেত্রে তরুণদের মৌলিক অধিকারের প্রতি সম্মান জানাতে হবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ন্যায়সংগত দাবির লড়াইয়ে সরকারি দমন-পীড়নের মুখোমুখি হওয়া ভারতের যুবসমাজের পাশে এই সংকটময় মুহূর্তে সংহতি প্রকাশের জন্য তিনি বিশ্বের সব তরুণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ছিল। কর্মসূচির আগে ও চলাকালে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ কয়েকজন নেতা এবং বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে আটক করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ