spot_img
spot_img

জুলাই জাদুঘর বাংলাদেশের মানুষের নিপীড়ন ও ঘুরে দাঁড়ানোর সাক্ষ্য: ইইউ কমিশনার

জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়, বাংলাদেশের মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্টের মধ্য দিয়ে গেছে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর শক্তিও উপলব্ধি করা যায় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।

সোমবার (১২ অক্টোবর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

জাদুঘর প্রাঙ্গণে স্বৈরাচারী সময়ে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে তৈরি মেমোরিয়াল পরিদর্শনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের জাদুঘর পরিদর্শন শুরু হয়। তারা ৫ আগস্ট পুলিশের গুলিতে শাহাদাত বরণ করা শহীদ আনাসের চিঠি এবং জুলাই অভ্যুত্থানে অগ্রগামী নারীদের অবদান সম্পর্কে জানেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

জাদুঘর ভবনের ভেতরে শেখ হাসিনার নির্দেশে ১৬ বছরের দুঃশাসনের বিভিন্ন চিত্র ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর আওয়ামী লীগ সরকারের চালানো নিপীড়নের চিত্রও তারা খুঁটিয়ে দেখেন।

পরিদর্শন শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এমন অন্তর্দৃষ্টি তুলে ধরার জন্য জুলাই জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ম্যাগনাস ব্রুনার।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। জনগণের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে এবং সমর্থন জোগাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ