সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বার্তায় এ তথ্য জানানো হয়।
বেবিচক জানায়, বাতিল ও স্থগিত হওয়া ৮৬টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ছিল ৫০টি। সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি যাতায়াতকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।
মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাত্রী পরিবহনকারী ট্রানজিট ফ্লাইটগুলোর ওপরও বড় ধরনের প্রভাব পড়েছে। বিঘ্নিত ৫০টি ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।











