রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কারের পর নোয়াখালী জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলীয় সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট দেন হাসিবুল ইসলাম মারুফ। বিষয়টি জানাজানি হলে জেলা ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
বহিষ্কারাদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে হাসিবুল ইসলাম মারুফ লেখেন, চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, অনৈতিক কাজ করলে বহিষ্কার হতাম না, নেশাগ্রস্ত হলেও বহিষ্কার হতাম না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তথা রবীন্দ্রনাথের বিরোধিতা করায় নোয়াখালী জেলা ছাত্রদল আমাকে বহিষ্কার করেছে।
বুধবার (১৪ অক্টোবর) হাসিবুল ইসলাম মারুফ বলেন, রবীন্দ্রনাথ তাদের দেশের কেউ নন। তাকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের অনেক নেতাই স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা কমিটি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো শৃঙ্খলাভঙ্গের কারণ দেখাতে পারেনি।
মারুফ আরও বলেন, জেলা ছাত্রদলের বর্তমান কমিটি তাকে তাদের বলয়ের বাইরে মনে করে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই একটি ঠুনকো অজুহাতে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে কবি রবীন্দ্রনাথকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
তিনি বলেন, মারুফ নির্ধারিত নোটিশের যথাযথ জবাব না দিয়ে উল্টো জেলা ছাত্রদলের বিরুদ্ধে অবমাননাকর ও বিদ্বেষমূলক পোস্ট দেন। ফলশ্রুতিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট দায়ে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।











