প্রযুক্তির বিকাশের মাধ্যমে বিদেশি সংস্কৃতির প্রভাব বাড়লেও নিজেদের হাজার বছরের ঐতিহ্য ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ দিকনির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির কল্যাণে আমরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছি, নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে নিজেদের সংস্কৃতি ভুলে যাব। আমাদের ঐতিহ্য কীভাবে আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে কাজ করতে হবে।
নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে সরাসরি বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি সবাই নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিই, তবে আমরা যে ধরনের সমৃদ্ধ দেশ দেখতে চাই, তার অনেকটাই বাস্তবায়ন করতে পারব। দেশের জন্য কাজ করার এই যে সুযোগ আমাদের এসেছে, তা পুরোপুরি কাজে লাগাতে হবে।











