সরকারি নির্মাণকাজের গুণগত মান ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, নির্মাণকাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। সামান্য অর্থ সাশ্রয় করতে গিয়ে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, সরকারি ভবন নির্মাণে ব্যবহৃত উপকরণের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান অনুসরণ করা অত্যন্ত জরুরি। নির্মাণকাজে ত্রুটি থাকলে ভবিষ্যতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারসহ সবাইকে নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঠিকাদারদের উদ্দেশে আবু সুফিয়ান বলেন, ব্যবসায় মুনাফা করা স্বাভাবিক বিষয়। তবে মুনাফার কথা বিবেচনা করে নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে আপস করা উচিত নয়। প্রয়োজনে নির্মাণব্যয় বাড়লেও কাজের মান বজায় রাখতে হবে।
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য আনোয়ার হোসেন লিপু, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব হাসনাত প্রমুখ।











