দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রোববার (১৮ অক্টোবর) রাতে নোয়াখালী জেলা শহরের মাইজদী, সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির-এনসিপি নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
ছাত্রদল সেক্রেটারি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পরিস্থিতি ব্যবহারের চেষ্টা করছে। ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।
নাছির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রীমহল নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।
দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বিএনপি নেতা জাফর উল্লাহ রাসেল, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেলসহ বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রীও প্রদান করেন নাছির উদ্দীন নাছির।











