ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সদস্যদের সাধারণ ক্ষমার আদেশের পর প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী মাওলানা মুহাম্মদ নবী ওমারি। তিনি এসব কর্মকাণ্ডকে ইসলামে নিষিদ্ধ উল্লেখ করে সতর্ক করেছেন, সাধারণ ক্ষমার আদেশ লঙ্ঘনকারীদের বিচারের মুখোমুখি হতে হবে।
রোববার পাকতিকার নতুন গভর্নরের পরিচিতি ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সতর্কবার্তা দেন।
মাওলানা ওমারি বলেন, “সাধারণ ক্ষমা ঘোষণা করার পর কোনো মুজাহিদ বা ইউনিট কমান্ডার যদি কারও বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, তাহলে সে আল্লাহ, তাঁর রাসুল এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করছে। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।”
এদিকে, পাকতিকার নতুন গভর্নর মাওলানা মেহরুল্লাহ হাম্মাদ সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে প্রশাসনকে আরও শক্তিশালী করতে অব্যাহত সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা, পরামর্শ ও প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ব্যবস্থা আরও শক্তিশালী ও সুরক্ষিত করব। একজন ব্যক্তি একা কোনো কিছুই করতে পারে না।
পাকতিকার সাবেক গভর্নর মাওলানা আবদুল খালেক আবিদ বলেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, পূর্ণ সমন্বয়, সম্মান ও ঐক্যের সঙ্গে নতুন গভর্নরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাঁর আনুগত্য করুন।
ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতার জারি করা এক আদেশের মাধ্যমে পাকতিয়া প্রদেশের সাবেক গভর্নর মাওলানা মেহরুল্লাহ হাম্মাদকে পাকতিকার গভর্নর এবং পাকতিকার সাবেক গভর্নর মাওলানা আবদুল খালেক আবিদকে পাকতিয়া প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার উভয় কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাদের নতুন দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র : টোলো নিউজ











